ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫৮ জন

0
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১১৭ জনে।। গ্রাফিক্স: এআই/লোকসমাজ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১১৭ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্ট মাসেই সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জন মারা যান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন এবং ঢাকা মহানগরের বাইরে ৩১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪২ হাজার ৫৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে ইতোমধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।