ডুমুরিয়ায় ভ্যানচালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় হাত পা বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্বৃত্তরা ভ্যানচালকের দুই হাত দুই পা একসাথে বেঁধে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত ভ্যানচালক মইদুল ইসলাম (৩৯) উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মইদুল বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তবে মাগরিব নামাজের পর চুকনগর বাজার থেকে যাত্রী নিয়ে আঠারোমাইলের দিকে যেতে দেখেছেন কয়েকজন । রাত ৮টার দিকে মইদুলের মোবাইল ফোনে তার স্ত্রী কল দিলে সংযোগ বন্ধ পান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বাগানে তার লাশ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।
লাশের সংবাদ পেয়ে খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) খায়রুল আনাম, জেলা ডিবি ও ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ভ্যান ছিনতাইয়ের জন্যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা তদন্তের পর বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়, লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।