ডুমুরিয়ায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পাউবোর

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলার ডুমুরিয়া উপজেলা সদরের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়। ডুমুুরিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দখলদার রয়েছে ১হাজার ৪৬৪টি। এর মধ্যে প্রথমদিন শতাধিক অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পাউবোর জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ করা একটি চলমান প্রক্রিয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত বছর ২৩ ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেশের ৬৪ জেলায় একযোগে ক্রাস প্রোগ্রাম পরিচালনা করে। এরই অংশ হিসেবে খুলনা জেলায়ও এ অভিযান অব্যাহত রয়েছে। এরপর জেলার ৯ উপজেলায় অবৈধ দখলদারদের নতুন করে তালিকা শুরু হয়। সেই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাশ এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় থানা পুলিশ, বিদ্যুত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ডুমুরিয়া উপজেলার এসডিই (সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার) মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারের সম্পত্তি নদী-খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদে কাজ শুরু হয়েছে। দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন তার স্থাপনা গুড়িয়ে দেয়া হবে’। নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাশ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তদারকিতে সরকারি সম্পত্তি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হচ্ছে’। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এ বিষয়ে বলেন, ‘সরকার নদী-খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে অবৈধ দখলদার উচ্ছেদে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। ইতোমধ্যে বটিয়াঘাটা, খুলনা সিটি কর্পোরেশনের কোল ঘেঁষে বয়ে চলা ময়ুর নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। তেরখাদার আঠারোবেকি নদীর পাড়ের বহুতল একটি ভবনসহ বেশকিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে’।