ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশ পরিচয়ে রাজু মোল্লা নামে এক যুবককে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/৯ জনকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী রাজু মোল্লা নিজেই। তিনি অভয়নগর উপজেলার শিংগাড়ী গ্রামের রেজাউল মোল্লার ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। অভিযুক্তের নাম আব্দুর রব। তিনি শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, রাজু মোল্লা একজন মৎস্যচাষি। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তিনি মোটরসাইকেলে করে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আসছিলেন। পথে প্রেমবাগ মোড় পার হয়ে আসার পর একটি মাইক্রোবাস মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা আব্দুর রবসহ অন্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এরই মধ্যে একজন মাইক্রোবাস থেকে নেমে রাজু মোল্লার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে নেন। এরপর আব্দুর রবসহ অন্যরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ বেঁধে ফেলেন। পরে মাইক্রোবাসটি অপরিচিত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় ডিবি পরিচয়দানকারী রবসহ অন্যরা রাজু মোল্লাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে একাধিক বিকাশ নম্বরে তার পরিবারের কাছ থেকে ৪ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরদিন সন্ধ্যায় এ বিষয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে রাজু মোল্লাকে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ফেলে রেখে আসেন ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা। পরে রাজু মোল্লা বাড়ি ফিরে জানতে পারেন, অপরিচিত এক ব্যক্তি তার বাড়িতে এসে মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে গেছেন। যার ছবি মোবাইলে ভিডিও করে রেখেছিলেন পরিবারের লোকজন। এ ব্যাপারে কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় আদালতে মামলা করেছেন রাজু মোল্লা।