ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামীর সন্ধানের দাবিতে সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাভার থেকে ডিবি পুলিশ পরিচয়ে রিকশাচালক রেজাউল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্ত্রী নাছিমা খাতুন। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপারের কাছে তার স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন।
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে সাভার থেকে তুলে নিয়ে যাওয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউল ইসলামের সন্ধানের দাবি জানিয়েছেন তার স্ত্রী নাছিমা খাতুন। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা খাতুন বলেন, তার স্বামী রেজাউল ইসলাম নিরীহ প্রকৃতির মানুষ। তিনি পেশায় একজন দিনমজুর। এলাকায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে গত কয়েক বছর আগে সাভারে গিয়ে তিনি রিকশা চালানো শুরু করেন। বর্তমানে তিনি সাভারে রিকশা চালিয়েই তাদের সংসার পরিচালনা করেন। উপজেলার কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফকে সন্ত্রাসীরা হত্যা করে। কিন্তু স্থানীয় দলাদলির কারণে পরিকল্পিতভাবে মোশরাফ হত্যা মামলায় তার স্বামী রেজাউল ইসলামকে আসামি করা হয়। পরবর্তীতে তার স্বামী ওই পরিকল্পিত হত্যা মামলায় আদালত থেকে জামিন গ্রহণ করেন। ওই মামলা ছাড়া তার স্বামীর নামে আর কোনো মামলা নেই।
তিনি আরও বলেন,গত ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সাভারের বাসায় গিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সাথে সাথে সাভার থানায় যোগাযোগ করলে সেখান থেকে আমাকে সাতক্ষীরায় খবর নিতে বলেন। আবার সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নিতে গেলেও তারা আমার স্বামীর আটকের বিষয়ে কিছুই জানে না বলে জানান। এরপর সাতক্ষীরা কারাগারেও খোজ নিয়েছি সেখানেও নেই। আটকের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান পাইনি। আমার স্বামীর বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। স্বামীর সন্ধান না পাওয়ায় সন্তানদের নিয়ে আমি চরম উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছি। তিনি দ্রুত তার স্বামী রেজাউল ইসলামের সন্ধানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।