ট্রেনের টিকিটের জন্যে রেজিস্ট্রেশন করতে গিয়ে গলদঘর্ম যাত্রী

0

মীর মঈন হোসেন মুসা ॥ ট্রেনের টিকিট কিনতে অনলাইন প্রক্রিয়ায় এবং মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গিয়ে যাত্রীরা রীতিমতো তালগোল পাকিয়ে ফেলছেন। টিকিট কেনার জন্যে যাত্রীরা রেলস্টেশনে যাওয়ার পর তাদেরকে রেজিস্ট্রেশন করতে বলায় তারা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বুঝতে দেরি করছেন তারা সমস্যায় পড়ছেন বেশি। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যশোরের রেলস্টেশনের কর্মকর্তারা বলছেন, অনলাইনে প্রক্রিয়ার চেয়ে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সহজ। কোনো যাত্রী প্রক্রিয়া বুঝতে না পারলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে তারা সহায়তা করছেন।
সোমবার (৩ এপ্রিল)  দুপুরে যশোর রেলস্টেশনের টিকিট কাউন্টারে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাউন্টারে টিকিট কিনতে গিয়ে রেলওয়ের রেজিস্ট্রেশন করা না থাকায় ফিরে আসছেন অনেকে। কাউন্টার থেকে তাদেরকে পাশে ঝুলিয়ে রাখা প্যানায় লেখা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে টিকিট সংগ্রহ করতে বলা হচ্ছে। কাউন্টার থেকে এ কথা শোনার পর কয়েকজনকে পাশে দাঁড়িয়ে প্যানায় লেখা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে দেখা যায়। কিন্তু অধিকাংশ যাত্রী প্রক্রিয়া বুঝতে না পেরে তালগোল পাকিয়ে ফেলেন।
কুষ্টিয়া সদর উপজেলার নান্দিয়া গ্রামের বিপদ হালদারের মেয়ে কলেজ শিক্ষার্থী প্রিয়াংকা রানী সকালে যশোরে এসেছিলেন প্রয়োজনীয় কাজে। যশোরে আসার জন্যে পোড়াদাহ স্টেশনে টিকিট না কিনেই ট্রেনে ওঠার কারণে তাকে অর্থদন্ড গুণতে হয়েছিলো। ফিরে যাওয়ার পথে তিনি যশোর রেলস্টেশনে এলে কাউন্টার থেকে তাকেও রেজিস্ট্রেশন করতে বলা হয়। কিন্তু তিনি প্রক্রিয়া বুঝতে না পারায় তাকে চিন্তিত অবস্থায় পায়চারি করতে দেখেন সেখানে উপস্থিত একজন সাংবাদিক। এ সময় তিনি তাকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নে সহায়তা করেন। যশোর সদর উপজেলার বারীনগর গ্রাম থেকে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি রেলস্টেশনে এসেছিলেন টিকিট কিনতে। কিন্তু রেজিস্ট্রেশন করা না থাকায় তিনি টিকিট সংগ্রহ করতে পারেন নি। তিনি এই প্রতিবেদককে জানান, এখানে এসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে তিনি অবহিত হলেন। এরপর রেজিস্ট্রেশন করেই টিকিট কিনতে আসবেন।
যশোর রেলস্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার শ্রাবন সরকার জানান, টিকিট কেনার জন্যে দুই প্রক্রিয়ায় যাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম, মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে। এ জন্যে মাত্র ৩ টাকা খরচ হবে। প্রক্রিয়াটি হলো, প্রথমে ইংরেজিতে বিআর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে ইংরেজিতে মোবাইল ফোন নম্বরধারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সঠিক থাকে ফিরতি মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মর্মে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে ওই ফোন নম্বর নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কাউন্টারে গেলে তাকে টিকিট দেয়া হবে যথাযথ প্রক্রিয়ায়।
রেজিস্ট্্েরশনের দ্বিতীয় প্রক্রিয়া হলো, অনলাইনে রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে সেখানে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে। তিনি বলেন, টিকিট কিনতে এসে যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বুঝতে পারছেন না তাদেরকে সহায়তা করা হচ্ছে। একটি রেজিস্ট্রেশনের মোবাইল ফোন নম্বরধারী ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তারপরও ওই রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে অন্যদের সাথে ট্রেনে যাত্রী হিসেবে থাকতে হবে। নইলে অন্যদের অর্থদন্ড প্রদান করা হবে। মূলত টিকিট কালোবাজারি প্রতিরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরো জানান, যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা স্টান্ডিং টিকিট কিনতে পারবেন। অর্থাৎ তাকে দাঁড়িয়ে ভ্রমণ করতে হবে।