ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়া চালক তিন ঘণ্টা পর অক্ষত উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

মো. নুর আলম, জীবননগর (চুয়াডাঙ্গা)॥ চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর রাস্তার পাশের খাদে পড়ে গেলে এর নিচে প্রায় তিন ঘণ্টা আটকা ছিলেন চালক হযরত আলী (৩০)। পরে ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা এবং ভেকুর সহায়তায় তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।

হযরত আলী জানান, দুপুরে নারায়ণপুর-সুবলপুর মোড়ে নিজের ট্রাক্টরটি পানি দিয়ে পরিষ্কার করে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাক্টরটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং তিনি গাড়ির নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ট্রাক্টরটির ভারী ওজনের কারণে চালককে দ্রুত বের করা সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ভেকু এনে ট্রাক্টরটি সরানো হলে প্রায় তিন ঘণ্টা পর হযরত আলীকে নিরাপদে উদ্ধার করা হয়।

জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে ভেকুর সহায়তায় ট্রাক্টরের নিচ থেকে চালক হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, দুপুরের দিকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে আটকা পড়েন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।