টাকা নিয়ে ব্যাংকে চাকরি না দেয়ায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ব্যাংকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রোববার আদালতে একটি মামলা হয়েছে। ৪ জনকে আসামি করে মামলাটি করেছেন কেশবপুর উপজেলার সাতাইশকাটি গ্রামের রবিন কুমার দে’র ছেলে রিপন কুমার দে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইমরান হোসেন অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার আলিপুর গ্রামের বিএসএম আলী আকবরের ছেলে সরদার জাকারিয়া সুমন প্রিন্স, দিকদানা গ্রামের কেষ্ট কুন্ডুর ছেলে জয়ন্ত কুন্ডু, বাউসা গ্রামের মৃত বিলাত গাজীর ছেলে ছাকাতুল্লাহ ও মুকুন্দপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের মোড়লের ছেলে আব্দুল মজিদ মোড়ল।
মামলার বিবরণে জানা গেছে, রিপন কুমার দে এমবিএ পাশ করার পর ব্যাংকে চাকরির জন্য চেষ্টা করছিলেন। এরই এক পর্যায়ে আসামিরা তাকে জানান, তাদের আত্মীয়-স্বজন ব্যাংলদেশ ব্যাংকে চাকরি করেন। তাদের মাধ্যমে তারা তাকে অগ্রণী ব্যাংকে চাকরি পাইয়ে দিতে পারবেন। এ জন্য আসামিরা তার কাছে ৭ লাখ টাকা দাবি করেন। তাদের প্রস্তাবে রাজি হওয়ায় রিপনের পরিবারের লোকজন আসামিদের ২০২১ সালের ২৮ মার্চ ১ লাখ টাকা দেন। এ সময় আসামিরা আশ্বাস দিয়েছিলেন, ১ বছরের মধ্যে রিপনকে চাকরি পাইয়ে দিবেন। একই বছরের ১৯ সেপ্টেম্বর আসামিদেরকে আরও ৩০ হাজার টাকা দেয়া হয়। এর ৯ মাস পর আসামিরা রিপনকে তাদের ঢাকার অফিসে নিয়ে যান এবং অগ্রণী ব্যাংকের নিয়োগ সংক্রান্ত কিছু কাগজপত্র দেখান। এরপর রিপন বাড়িতে এসে তাদেরকে আরও সাড়ে ৫ লাখ টাকা দেন। বলা হয়, তারা রিপনকে শিগগির ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগপত্র দিবেন। কিন্তু আসামিরা টাকা গ্রহণের পর তাদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন রিপন। ফলে কোনো উপায় না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।