ঝড়ে ভেঙে পড়ে চৌগাছার ইতিহাস থেকে হারিয়ে গেল প্রাচীন বটগাছ

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে চৌগাছার নামকরণের ইতিহাস থেকে হারিয়ে গেল কয়েক শ বছরের প্রাচীন বটগাছ। গত রোববার মধ্যরাতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বটগাছটি ভেঙে পড়ে পাশে ডিভাইন গার্মেন্টস ভবনের ওপরে। চৌগাছা-যশোর সড়কের কড়ইতলা (আহমদনগর) নামক স্থানে গাছটির অবস্থান ছিল। সেখানে এখন ঝড়ের বিক্ষত চিহ্ন ছাড়া আর কিছু নেই।
স্থানীয়রা জানান,কয়ারপাড়া গ্রামের আবু তুরাব, শাহাজান আলী, গফুর ম-ল জানান, বটগাছটি ইতিহাসের সাক্ষী। এই অঞ্চল আগে ঘন জঙ্গলে ভরা ছিল। চৌগাছা-যশোর সড়কটি কোনমতে সলিং ছিল। তারও আগে ছিল কাঁচা। গরমকালে এক সময় আমরা মাঠের কাজ শেষ করে বটগাছের নিচে বিশ্রাম নিতাম। কী সুন্দর পরিবেশ ছিল। এই বটগাছ ছিল পাখির একটি নিরাপদ আশ্রয়স্থল। শুধু তাই না বছরের বারো মাসই মৌমাছি এই গাছে চাক বেঁধে থাকতো, গাছটি যখন ভেঙে পড়ে তখনও মৌমাছির চাক ছিল। গাছটি ভেঙে যাওয়ায শুধু যে মানুষ কষ্ট পাচ্ছে এমন না পাখি মৌমাছি এরাও কষ্ট পাচ্ছে।
গবেষক এম মুজাহিদ আলী জানান, প্রায় আড়াই শ ফুট উচ্চতা এই বটগাছ ইতিহাসের সাক্ষী। ব্রিটিশদের শাসন, পতন দেখেছে গাছটি। একই সাথে মহান মুক্তিযুদ্ধেরও সাক্ষী গাছটি। কয়েক শ বছরের জীবন ইতিহাস ছিল গাছটির। ঝড়ে ভেঙে পড়ার খবরে মর্মাহত হয়েছি।
তিনি আরও জানান, ব্রিটিশ আমলে এই অঞ্চলের নামকরণ করা হয় চৌগাছা। কপোতাক্ষ নদের দুই পাড়ে সুউচ্চ চারটি বটগাছ ছিল। রাতে খেয়া পারাপার ও নৌকা চলাচলের জন্য ওই গাছে আলো জ্বেলে সংকেত পাঠানো হতো। জনশ্রুতি আছে বিশাল এই বট গাছের কারণেই এলাকার নামকরণ করা হয় চৌগাছা।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান বলেন, এই বটগাছটি জেলা পরিষদের। চৌগাছার নামকরণের ইতিহাসের সাথে বটগাছটি যুক্ত বলে আমরা জানি। বটগাছটির বয়স হবার কারণে এবং ঝুঁকি থাকার কারণে দু বছর আগে কেটে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু শুধুমাত্র চৌগাছার নামকরণের ইতিহাসের সাথে যুক্ত ও এলাকার মানুষের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসি। তিনি বলেন এমন প্রাচীন বটগাছ এখন আর তেমন চোখে পড়ে না।