ঝিনাইদহে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনামুল হোসেন (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়। এর আগে পুলিশ অভিযুক্ত এনামুলকে আদালতে হাজির করে। তিনি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসিন্দা।

ঝিনাইদহ আদালতের পরিদর্শক মো. মোখতার হোসেন সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রোববার শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রোববার মাছ ধরার কথা বলে শিশুটিকে একটি ধানক্ষেতে নিয়ে যান এনামুল। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।