ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মশারি টাঙিয়ে ঘুমিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি ওই যুবক। শনিবার ভোররাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিকাইল ওই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন মিকাইল। ভোরের দিকে ঘুমন্ত অবস্থাতেই একটি বিষধর সাপ তাকে দংশন করে। কিছুক্ষণ পর তীব্র বিষক্রিয়া অনুভব করলে ও শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিষ শরীরে ছড়িয়ে পড়ার পর অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।সাপে কাটার পর দ্রুত হাসপাতালে আনা গেলে হয়তো তাকে রক্ষা করা যেত।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।