ঝিনাইদহে সাংবাদিক সাদ্দামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ।  শনিবার বেলা ১১টায় হামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সকালে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় পোস্ট অফিসের সামনে শেষ হয়। এখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো চিফ মাহমুদ হাসান টিপু, দৈনিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, মানবাধিকার কর্মী ও ইউএনবির প্রতিনিধি আমিনুর রহমান টুকু, বাংলাদেশ পোস্টের দেলোয়ার কবীর, দৈনিক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, দৈনিক দিনকাল ও লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফ কাজল, ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রচার সম্পাদক এস এম, রবি, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি স্বপন মাহমুদ। অনুষ্ঠানে পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ৭১ টিভির রাজিব হাসান।
বক্তারা সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা আজ সারা দেশেই নির্যাতিত। হামলা এমন কি হত্যার শিকার হওয়া সাংবাদিকরা ন্যূনতম বিচার পায় না। ফলে মাঠ সাংবাদিকতা আজ ঝুঁকির মধ্যে পড়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলার চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় বখাটে বিপ্লব ও তার ফিরোজ। এ ঘটনায় শৈলকুপা থানায় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ প্রধান আসামি বিপ্লবকে আটক করলেও বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।