ঝিনাইদহে মাদকবিরোধী দিবসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে বর্ণাঢ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত শুক্রবার সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে স্থানীয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’ মাদকবিরোধী দিবসে এ সচেতনামূলক কর্মসূচির আয়োজন করে।

ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দৌড়টি বদরগঞ্জ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। এদিন সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই বিশাল ম্যারাথনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু।

প্রধান অতিথি অধ্যাপক মহাব্বত হোসেন টিপু বলেন, মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। আজ সাধুহাটির তরুণরা যেভাবে মাদকের বিরুদ্ধে রাজপথে দৌড়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ।

সাধুহাটি ইউনিয়নের তরুণদের হৃদস্পন্দন এবং ‘তারুণ্যের অগ্রযাত্রা’ সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান মিজু’র পৃষ্ঠপোষকতায় ইউনিয়ন পর্যায়ে এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়। ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী দেড় শতাধিক দৌড়বিদের প্রত্যেককে সচেতনতামূলক উপহার ও সম্মাননা প্রদান করা হয়।

ব্যতিক্রমী এই আয়োজনটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।