ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। রোববার রাতে সদর উপজেলার উত্তর শোমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সাগর খাঁ জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে আগ্নেয়াঅস্ত্রের মুখে জিম্মি করে। পরে লোহার সিন্দুক খুলে ২ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রাতে সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি দ্রুতই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’