ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাঁচ শ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাই, আটক ১

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পথচারীর গলায় ছুরি ধরে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় লিটন সরদার নামে একজন অভিযুক্তকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ৫শ গজ।

স্থানীয়রা জানান, আটক লিটন সরদার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে। ছিনতাই শেষে একই গ্রামের হিরণ সরদারের ছেলে সজিব সরদার ও ফনে সরদারের ছেলে সজিব সরদারসহ অজ্ঞাত এক ছিনতাইকারী পালিয়ে যায় বলে আটক লিটন পুলিশকে জানিয়েছে।

বংকিরা গ্রামের আব্দুর রশিদ গরি জানান, ঘটনার সময় চুয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে কাজ শেষে তার জামাই আজমুল হোসেন বংকিরা গ্রামের শ্বশুরবাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌছালে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে কাছে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। বংকিরা গ্রামের কৃষক ডালিম মণ্ডল মাঠ থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারী লিটন সরদারের ব্যাগে ছুরি দেখে বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীরকে খবর দিলে তিনি তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে। আটক লিটন সরদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বংকিরা গ্রামের মাঠ থেকে লিটন নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাইকারীরা পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।