কয়রার সুন্দরবন সংলগ্ন নদীতে নৌকাডুবি : ৯ পর্যটককে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় শাকবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনায় পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় নৌ পুলিশের তৎপরতায় নৌকায় থাকা নয়জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনায় নৌকায় থাকা নয়জন নদীতে পড়ে গেলে দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হয় নৌ পুলিশের সদস্যরা। ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।

নৌ পুলিশ জানায়, ঘটনার সময় আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছিল। এসময় ৯৯৯ নম্বরে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, নৌকাটি সুন্দরবনের তীরবর্তী এলাকায় ডুবে যায়। ঘটনাস্থলের এক পাশে লোকালয় এবং অন্য পাশে সুন্দরবন। কয়েকজন সাঁতরে বনের দিকে চলে যান। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আবদুল্যাহ (২২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে কয়রার আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে সিংহেরটেক এলাকায় নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে তারা নদীতে পড়ে যান।