ঝিনাইদহে এনসিপির পদযাত্রা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ চলছে : আখতার হোসেন

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে বিএনপি সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্খাকে নষ্ট করছে।

রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি ঝিনাইদহ জেলা শাখার আয়োজিত ‘জুলাই জাগরণ’ পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে এ ধরনের নিয়োগ গ্রহণযোগ্য নয়। জনগণ বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দলীয়করণ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না এবং ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোকেও জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানান।

এরআগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই জাগরণ’ পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।