চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগে প্রাক্তন স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক ব্যবসায়ী তার প্রাক্তন স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মালিকানাধীন ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম নাইচ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই লাখ টাকা কাবিনের বিষয়কে কেন্দ্র করে তার প্রাক্তন স্ত্রী, প্রাক্তন শাশুড়িসহ কয়েকজন তার কাছে অনৈতিকভাবে ৩০ লাখ টাকা দাবি করছেন। ওই টাকা না দিলে তাকে মাদক বা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা এবং তার সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রফিকুল ইসলাম দাবি করেন, তার মালিকানাধীন একটি ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ফেরত চাইলে ৩০ লাখ টাকা পরিশোধের শর্ত দেওয়া হচ্ছে। অন্যথায় তার সন্তানের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব কারণে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলেও জানান।

তিনি বলেন, এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে দু’বার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া গত ২০ জুলাই জেলা জজ আদালতে আবেদন করলে আদালত বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, গত ১ জুলাই তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে ১৩ জুলাই আবারও তার ওপর হামলার চেষ্টা করা হয় এবং একই দিনে বড়বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। তার দাবি, ১৫ থেকে ২০ জন বহিরাগত তার প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদা দাবির পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তার সাবেক স্ত্রী ও তার পরিবারের দাবি, ব্যবসা, ফ্ল্যাট ও স্বর্ণালংকার কেনার জন্য তারা অর্থ দিয়েছিলেন। তবে তিনি এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, ব্যাংক থেকে ৪৯ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসা পরিচালনা এবং ফ্ল্যাট ক্রয় করেছেন। এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার প্রাক্তন স্ত্রী লামিয়া ইসলাম, শ্যালিকা রেবেকা ইসলাম এবং সাবেক শাশুড়ি সারা বানুসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। একই সঙ্গে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ, আমিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত লামিয়া ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।