ঝিকরগাছায় ৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ উৎসবমুখর পরিবেশ ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বুধবার সকালে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এ বছর উপজেলার ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। প্রতিটি মন্ডপে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। দেবীর বোধন, আমন্ত্রণ ও ৬ষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলার সব মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটি মণ্ডপে গ্রাম পুলিশ, আনসার- ভিডিপি, পুলিশ ও একজন করে সরকারি কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে কমিটি করে সারাক্ষণ দেখভাল করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম স্টাইকিং ফোর্সের মাধ্যমে সজাগ দৃষ্টি রেখেছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী বলেন, এ উপজেলাতে কোন মন্ডপে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে। সব সময়ে ইউএনও স্যার ও পুলিশ প্রশাসন খোঁজ রাখছেন।
যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার ডিজিএম টিএম মেজবাহ আহমেদ বলেন, উপজেলার মল্লিকপুর সার্বজনীন পূজা মন্ডপে আমাকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমার চাকরি জীবনে প্রথম।আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, পূজায় অর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শান্তিপূর্ণসহ অবস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।