ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই ঘটনাটি ঘটে। ৪ সন্তানের জনক নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের আব্দুল বারিকের ছেলে ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেনের বড়ভাই। প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন, আবুল কাশেম মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড থেকে যশোর-বেনাপোল মহাসড়কে উঠছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুত গতির ট্রাক (যশোর-ট-১১-২০১৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। যশোর-বেনাপোল মহাসড়ক ও হাসপাতাল রোডের মাঝখানে থাকা গাছের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও এইআই আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সবুজ হোসেন, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা শাকিল হোসেন, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইয়ার হোসেন সোহান। অপরদিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বালিয়া গোরশুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমারসহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উত্তম কুমার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন।