যশোরে জমকালো আয়োজনে ‘রিপন অটোস জুনিয়র ফুটবল বিশ্বকাপ’ শুরু

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে একটি সুস্থ ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে যশোরে শুরু হয়েছে শিশুদের ফুটবলের বড় আসর। ফিফা বিশ্বকাপের আদলে ৭ থেকে ১০ বছরের কোমলমতি শিশুদের নিয়ে আর এন রোড ক্রীড়া চক্রের আয়োজনে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘রিপন অটোস জুনিয়র ফুটবল বিশ্বকাপ’।

আর এন রোড নতুন বাজার মাঠে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু, ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান এবং আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের প্রমুখ।

টুর্নামেন্টের আহ্বায়ক ও ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ মো. আলী আযম টিটো জানান, গত রবিবার এই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্তভাবে ২৪০ জন শিশুকে বিশ্বের জনপ্রিয় ১৬টি দেশের নামে গঠিত ১৬টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাঠে বল গড়ানোর প্রথম দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ বনাম ব্রাজিল। খুদে ফুটবলারদের এই নান্দনিক খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।