অরক্ষিত যশোর স্টেডিয়ামের নির্মাণাধীন ক্রিকেট পিচ নষ্ট করলো দুর্বৃত্তরা

0
ছবি: লোকসমাজ।

মাসুদ রানা বাবু ॥ অরক্ষিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের নির্মাণাধীন ক্রিকেট পিচ (উইকেট) নষ্ট করে দিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার বিকেলে কোনো এক সময় সদ্য প্রস্তুত করা পিচটি দুর্বৃত্তদের পায়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়নে প্রায় চার লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির ব্যাপক ক্ষতি হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২২ সালের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ প্রান্তের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। চার বছর পেরিয়ে গেলেও আজও সেটি মেরামত করা হয়নি। সেই অরক্ষিত সীমানা প্রাচীর দিয়েই মাঠে প্রবেশ করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে এবং যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সাথে কথা বলে জানা যায়, বিসিবির অর্থায়নে আধুনিক মানের এই পিচটির নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল। প্রস্তুত করা পিচের প্রায় পুরো অংশজুড়ে পায়ের গভীর ছাপ ও কাদামাটির ক্ষতচিহ্ন রয়েছে। পিচের ওপর উঠে হাঁটাহাঁটি ও লাফালাফি করায় পুরো পৃষ্ঠজুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এছাড়া নির্মাণাধীন পিচজুড়ে পানি জমে যাওয়ায় সমতল করা অংশটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে নতুন করে সমতলকরণ ও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।

যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, ‘পিচ তৈরি প্রায় শেষ পর্যায়ে ছিল, কেবল ঘাস বোনার কাজ বাকি ছিল। দুই দিনের মধ্যে পুরো পিচের ওপর ঘাস বুনে চারপাশ দিয়ে ঘিরে রাখার প্রস্তুতি নিয়েছিলাম। তার আগেই দুর্বৃত্তরা পিচের ওপর আঘাত করেছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল দুর্বৃত্তের এমন কর্মকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, কাজ শেষ হওয়ার সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ক্রীড়া সংগঠকদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। জেলার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের এমন গুরুত্বপূর্ণ প্রকল্প নষ্ট করে দেওয়া মানে ভবিষ্যতের ক্রিকেট উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করা।

দীর্ঘদিন ধরে যশোরে ক্রিকেটের লিগ হয় না। বিসিবির নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকল প্রকার লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তার আগেই এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ক্রীড়াঙ্গনের উন্নয়নের বাধার শামিল

যারা কোনোদিনই যশোরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন চায়নি, তারাই দুর্বৃত্তদের দিয়ে পরিকল্পিতভাবে এই পিচ ধ্বংস করেছে।’

তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।