ঝিকরগাছায় স্কুলের জমিতে অবৈধভাবে দোকানঘর তৈরির অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার শিত্তরদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে অবৈধভাবে দোকানঘর তৈরির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে বারবার অভিযোগ করেও কোন কাজ হয়নি বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের সুবির আলীর ছেলে আবুল কাশেম জোরপূর্বক স্কুলের জমিতে দোকানঘর নির্মাণ করছে। তিনি বলেন, বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী লেখাপড়া করছে এবং বিদ্যালয়টি নির্বাসখোলা ইউনিয়নের প্রাণকেন্দ্র। প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট সকল কার্যক্রম এই বিদ্যালয় মাঠে হয়ে থাকে। কিন্তু বিদ্যালয়ের জায়গা হওয়া শর্তেও জমিগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলার জায়গা পাচ্ছে না। মিড-ডে মিল চালুর জন্য নির্দিষ্ট রান্না করার জায়গা পাওয়া যাচ্ছে না। শহীদ মিনার স্থাপন করা যাচ্ছে না। ইউনিয়নের প্রতিটি স্কুলের প্রোগ্রাম এই স্কুলেই হয়। একটি মঞ্চ করা দরকার। এগুলো তেরি করলে স্কুলে আর কোন মাঠ থাকবে না। তিনি আরো জানান, সম্প্রতি বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) সাধন কুমার বিশ্বাসের কাছে বারবার অভিযোগ করেও কোন ফল হয়নি। তিনি বদলি হওয়ার পরে আবারও দোকান তৈরির কাজ জোরেসোরে চলছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রধান শিক্ষক।