যশোরে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত

0
ছবি: লোকসমাজ।

বিশেষ প্রতিনিধি ॥ ‘সর্বজনীন আবাসন স্থান ও টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে যশোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টায় এক শোভাযাত্রা বের হয়। কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

পরের পর্ব অনুষ্ঠিত হয় সকাল ১০টায়, জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর মিলনায়তনে। যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ।

দেশের সবার জন্য বাসযোগ্য বাসস্থানের ওপর জোর দিয়ে বক্তারা জানান, ১৯৮৫ সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। এ সময় দেশের নাগরিকদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।