খুলনায় ট্রাকচাপায় সিআইডি ইনস্পেক্টর নিহত

0

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ইনস্পেক্টর মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমানের মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে খুলনায় আসেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন ফজলুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।