ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ শামছুর রহমান ওরফে শামসুদ্দিনের (৬৫)। তিনি দিকদানা গ্রামের মৃত বদরউদ্দির সরদারের ছেলে। বাড়ি ফেরার পথে নিজগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন শামসুদ্দিন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঁকড়া-দিকদানা সড়কের খোরশেদ আলমের মাছের ঘেরের সামনে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন জানিয়েছেন, নিহত শামসুর রহমান ওরফে শামসুদ্দিন পাশের হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রাম থেকে এদিন সকালে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনাম হোসেনের (২৫) ব্যবহৃত পালসার মোটরসাইকেল পেছন থেকে শামসুদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে শামসুদ্দিন মারাত্মকভাবে জখম হন। এ সময় স্থানীয় অধিবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে শামসুদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফকির পান্নু মিয়া ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।