ভয় দেখিয়ে ঝিকরগাছায় প্রবাসীর সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় ‘জিনের বাদশাহ’ : আটক ১

0

 

স্টাফ রিপোর্টার ॥ জিনের বাদশাহ পরিচয়ে মালয়েশিয়ার লটারি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় যশোরের ঝিকরগাছা উপজেলার প্রবাসী শাহ আলমকে। এরপর প্রতারণার ফাঁদে ফেলে সুখ পাথর ও দুঃখ পাথর এবং সুখ পাখি ও দুঃখ পাখি কেনাসহ জিনের ভয় দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। গত রোববার দুপুরে ভোলার বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক প্রতারকের নাম মিরাজ পাটোয়ারী (২৪)। তিনি ভোলার বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের বাসিন্দা শাহ আলম মালয়েশিয়া প্রবাসী। একটি প্রতারক চক্রের এক সদস্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’তে কল করে জিনের বাদশাহ পরিচয় দেন। তাকে মালয়েশিয়ার লটারি পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখান। তিনি প্রতারণা বুঝতে না পেরে প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে লটারি পাওয়ার আশায় প্রথমে তাদের ৫ হাজার ৩শ টাকা বিকাশের মাধ্যমে দেন। এরপর ওই প্রতারক চক্রের সদস্যরা তার সন্তান মারা যাবে এমন ভয় দেখিয়ে শাহ আলমের কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেন।
এভাবে প্রতারণার ফাঁদে ফেলে ৮শ এতিম সন্তানকে খাওয়ানো বাবদ খরচ, সুখ পাথর ও দুঃখ পাথর এবং সুখ পাখি ও দুঃখ পাখি কেনাসহ জিনের ভয় দেখিয়ে মোট ৭ লাখ ৪৪ হাজার ৬শ টাকা হাতিয়ে নেন প্রতারক চক্রের সদস্যরা। ২০২২ সালের ১৫ আগস্ট থেকে চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় এই টাকা হাতিয়ে নেন তারা। পরবর্তীতে শাহ আলম প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় তার স্ত্রী কল্পনা আক্তার গত রোববার অজ্ঞাতনামাদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর দুপুর ১টার দিকে ভোলার বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মিরাজ পাটোয়ারীকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ পাটোয়ারী প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে মিরাজ পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।