ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন শনিবার (২ এপ্রিল)  রাতে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক গার্ড অব অনার শেষে রঘুনাথনগর গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ বীর মুক্তিযোদ্ধারা।
জানাযায় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জন ডা. এএইচএম আব্দুর রউফ, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আছির উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় ও ঝিকরগাছা ঐতিহ্যবাহি বি এম স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালে স্পেশাল ব্যাচে প্রশাসনিক ক্যাডারে যোগদান করে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন শেষে অবসরে যান তিনি। শেষ জীবনে তিনি রঘুনাথনগর কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।