ঝিকরগাছায় ঝড়-বৃষ্টিতে ক্ষতি

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া ও তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ার কারণে গত তিনদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত রোববার দুপুর থেকে ঝিকরগাছা উপজেলাতে ঝড়ো হাওয়াসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। গভীর রাতে শুরু হওয়া ঘূণিঝড় রিমালের আঘাতে উপজেলার কয়েক হাজার কৃষকের কলা ও পেঁপে ক্ষেত ভেঙে নষ্ট হয়ে গেছে। এছাড়া সবজির ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলার অমৃতবাজার গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের মৃত ওয়াজ্জেত আলীর ছেলে কৃষক আজিজুর রহমান ও তার শ্রবন প্রতিবন্ধী মেয়ে মাসুরা খাতুনের ৬ বিঘা জমিতে থাকা সমস্ত ফলন্ত কলাগাছ ভেঙে গেছে। এছাড়া পাশে থাকা আরও ২বিঘা জমিতে থাকা পেঁপে, মিষ্ট কুমড়া, ধেঁড়সসহ বিভিন্ন ফসলেও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষক আজিজুর রহমান ও তার মেয়ের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। একই রাতে উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারন, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের কলা ও পেঁপে চাষিদেরও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে ঝড়ো হাওয়া শুরু হলে রোববার সন্ধ্যার পরপরই পৌরসদরসহ উপজেলার ১৭৯টি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে জানতে চাইলে ঝিকরগাছা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মেজবা উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছপালা ভেঙে পড়ে অসংখ্য স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হাসান পলাশ বলেন, বৃষ্টিতে পাট, তিলসহ আউশের বীচতলার জন্যে উপকার হয়েছে। তবে ঝড়ে কলা ও পেঁপে চাষিদের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।