ঝিকরগাছায় ছুটি ছাড়াই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ৬ কর্মকর্তা-কমচারী পিকনিকে

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ছুটি ছাড়াই উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী অন্তরা সরকারসহ ৬ কর্মকর্তা-কর্মচারী গেলেন কক্সবাজার পিকনিকে। এদিন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গেলে এর সত্যতা মেলে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের ৯জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তুলি খাতুন ও মশিয়ার রহমান ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।
অফিসে থাকা দুজনের কাছে অন্যদের উপস্থিতির বিষয় জানতে চাইলে তারা মুখ খোলেননি। এদিন অফিসে অনুপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার, সাজ্জাদুর রহমান, আব্দুস সালাম, ওয়াসিম আকরাম, লেবার হাফিজুর রহমান, অফিস সহকারী কাম টাইপিস্ট নাহার খাতুন ও নৈশপ্রহরী কামরুজ্জামান। তবে অনুপস্থিত ৭জনের মধ্যে অফিস সহকারী কাম টাইপিস্ট নাহার খাতুন রয়েছেন মাতৃত্বকালিন ছুটিতে। অন্য ৬জন হাজিরা খাতায় রাতে সই করে বিনা ছুটিতে কক্সবাজার পিকনিকে গেছেন বলে জানা গেছে। হাজিরা খাতায় সইয়ের বিষয়ে জানতে চাইলে অফিসে থাকা মশিয়ার রহমান বলেন, তিনি এদিন সকাল ৮টা ৫৪ মিনিটে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গিয়ে দেখেন অফিসের প্রায় সবারই খাতার স্বাক্ষর করা। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি কাউকে অফিসে দেখেননি। এদিন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সকাল ১১টা ৪০মিনিটে নৈশপ্রহরী কামরুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা রাস্তায় আছেন কক্সবাজার যাচ্ছেন। উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার বলেন, বুধবার রাতে (একদিন আগেই) তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। কিন্তু নিজেদের মধ্যে ঝামেলার কারণে বৃহস্পতিবার সকালে রওনা দেয়া হয়েছে। ছুটি না নিয়ে যাওয়া ও হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, যেহেতু আজ (বৃহস্পতিবার) রওনা দিয়েছি তাই ভোরে স্বাক্ষর করে চলে এসেছি।
এ ব্যাপারে জানতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজের মোবাইল ফোন দেয়া হলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।