ঝিকরগাছায় ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় চলন্ত ইজিবাইক থেকে রাস্তার ওপর পড়ে গিয়ে রেহেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেহেনা খাতুন ঝিকরগাছা উপজেলার বামন আলী সাইমপাড়া গ্রামের মোজাম গাজীর স্ত্রী।

নিহতের স্বামী মোজাম গাজী জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে রেহেনা খাতুন ইজিবাইকযোগে ঝিকরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেজিতলা মোড় এলাকায় পৌঁছালে তিনি অসাবধানতাবশত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।