এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমার আলামত মেলেনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

0
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, এটি দুর্বল ওয়্যারিংয়ের শর্ট সার্কিট থেকে ঘটতে পারে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।তবে নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি জানতে চান, দৌলতপুর থানার ওসির দাবি অনুযায়ী পেট্রোল বোমা না মিললেও ফরেনসিক দল না গিয়ে এবং এমন হামলার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলা যাবে কিনা।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল এবং এর ২০ মিটার দূরে তিনতলা ভবনে তাঁর বাবা-মা বসবাস করেন। সেখানে কেউ না থাকলেও কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল, যা আগুনে মারা গেছে।

৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি ও বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া জেলা পুলিশ সুপারকেও সকালে সেখানে পাঠানো হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার ব্রিগেড, সিভিল ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি বা দেয়ালে এর কোনো চিহ্ন মেলেনি, সাক্ষীরাও এমন তথ্য দেননি। সমস্ত আলামত ও ছবি দেখে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়ির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এটি চূড়ান্ত তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।

এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত হয়েছে এবং অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।