মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ মা-মেয়ে গ্রেপ্তার

0
ছবি: সংগৃহীত।

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়ায় এ অভিযান চালায়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) এবং তার মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করে। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) পালিয়ে যান।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসা তল্লাশি করে আসামিদের দেখানো একটি স্টিলের লকার থেকে চার হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২৮৯৯৪), একটি নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল এবং একটি ‘BAOFENG’ লেখা ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই সাড়াসি অভিযান অব্যাহত থাকবে।