জুলাই গণঅভ্যুত্থানে আহত যশোরের এনাম সিদ্দিকীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

0

স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত যশোরের সদর উপজেলার এনায়েতপুরে এনামের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আহত এনাম সিদ্দিকী জানান, গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঢাকায় চিকিৎসাধীন থাকার পর আর্থিক সংকটের কারণে পরিবার তাকে যশোরে ফিরিয়ে আনে। চিকিৎসকরা জানিয়েছেন, এনাম আর কখনো পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। এমন দুঃসময়ে বিএনপি ও তারেক রহমানকে পাশে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন করে বাঁচার সাহস পেয়েছেন বলে জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এনাম নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এখন থেকে তার চিকিৎসা ও পরিবারের দেখভালের দায়িত্ব তারেক রহমান নিজে নিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, এনামের স্ত্রী, এক মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তিনি আশ্বাস দেন যে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এনামসহ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান প্রমুখ।