জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতে জড়িতদের আটকের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

0

স্টাফ রিপোর্টার ॥ জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের আটকের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে যশোর জেলা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সংগঠনের বিক্ষোভ সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের প্রতিবাদে রোববার বেলা ১২টার দিকে যশোর সরকারি এম এম কলেজের আসাদ গেট থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বকুলতলা, দড়াটানা মোড় হয়ে চিত্রা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। এ ঘটনায় আজ সোমবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।