জীবননগরে বিদ্যুৎসংযোগ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

0

জীবননগর সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে জীবননগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম’র নাম সম্বলিত চিঠি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় জনতার হাতে বলয় কুমার হালদার(৩৫) নামের এক যুবক আটক হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে। আটক যুবককে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জীবননগর পল্লী বিদ্যুৎ অফিসের একটি সূত্র জানায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের
বালিহুদা গ্রামের ভবেশ হালদারের ছেলে বলয় কুমার হালদার নিজেকে জীবননগর পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কথা বলে কৌশলে মোটা টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
বলয় কুমার হালদার উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের জিয়ারত আলীর ছেলে আতিয়ার রহমানের সেচ কাজে বৈদ্যুতিক সংযোগ দেয়া নিয়ে কথাবার্তা বলেন।তিনি জীবননগর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলামের সই বিহীন নাম সম্বলিত একটি চিঠি প্রস্তুত করে তা দেখিয়ে শনিবার সকাল ১১ টার দিকে আতিয়ার রহমানের নিকট থেকে আন্দুলবাড়ীয়া বাজারে টাকা আনতে যান। সেখানে চিঠি ভুয়া সন্দেহ হওয়ায় তাকে আটকিয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে জানান আতিয়ার।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। তখন বলয় কুমার হালদার সবার সামনে মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে টাকা নেয়ার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ বলেন,ঘটনার ব্যাপারে থানায় লিখিত এজাহার পাওয়া গেছে। মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন।