জিয়ার সমাধিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ : ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ‘পুলিশের গুলিতে আহত’ হন কয়েকজন। যাদের মধ্যে বিএনপির তিন নেতাকর্মী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন সাবেক ফুটবলার ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান টগর (৪৫) এবং কর্মী আবুল কালাম আজাদ (৬২)। এ ছাড়া দলটির আরও ১০/১৫ জন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা তাদের অনুসারী ও কর্মী-সমর্থকদের নিয়ে সমাধিতে ফুল দিতে এলে এ ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সমাধির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন।
গত ২ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা দক্ষিণে আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তরে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়। দলের রীতি অনুযায়ী নতুন কমিটির নেতারা গতকাল তাদের অনুসারীদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান বলেন, বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন। এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয় ও একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘কোনো মতে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি।’ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, পুলিশের অনুমতি নিয়েই আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু গতকাল আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ঢুকতেই পুলিশ প্রথমে অতর্কিতভাবে কোন উসকানি ছাড়াই হামলা চালায়।’ এতে তাদের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
বিএনপি নেতারা দাবি করেছেন, এরা পুলিশের শটগানের গুলিতে আহত হয়েছেন। পরে তারা ঢামেক হাসপাতারের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মাথায় শটগানের গুলির আঘাত রয়েছে। ঢামেকে বিএনপির গুলিবিদ্ধ এক কর্মীঢাকা মেডিক্যালে বিএনপির গুলিবিদ্ধ এক কর্মী ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে আসা ফারুক হোসেন জানান, জিয়ার মাজারে ফুল দিতে গেলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। এতে তারা আহত হন। ফারুক হোসেন মিয়াজি নামে একজন তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।