‘জিয়া নতুন কুঁড়ির সূচনা করেছিলেন, দীর্ঘ বিরতির পর আবার শুরু’ — শিশুদের প্রতিভা বিকাশে নজর দেওয়ার আহ্বান নার্গিস বেগমের

0
যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শিশুদের হাতে তুলি তুলে দিল যশোর জেলা মহিলা দল। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন হয় এবং বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

‘শিশুদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ জিয়াউর রহমান শিশুদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’র সূচনা করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেটি আবার শুরু হয়েছে। তিনি বলেন, শিশুদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান আট কোটি মানুষের হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলেন। নারীদের ঘরবন্দী না করে দেশ গঠনের কাজে নিয়োজিত করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এখনই সময় বলে মন্তব্য করেন তিনি।

তিন গ্রুপে বিজয়ীরা

তিনটি গ্রুপে অর্ধশতাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। ক-গ্রুপে প্রথম নুর আজমিয়া ফাতেমা, দ্বিতীয় আনিশা তাবাসসুম, তৃতীয় জাওয়াদ আফনান। খ-গ্রুপে প্রথম আইয়ান রেজা, দ্বিতীয় কাজী আয়াত সমৃদ্ধি, তৃতীয় রাদ এহতেশাম। গ-গ্রুপে প্রথম জুনায়েদ হোসেন, দ্বিতীয় সোহান এবং তৃতীয় সোনালী আহমেদ সুচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।