জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যশোরে নারী সমাজ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নারী ঘটিত কর্মকান্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোরের রাজপথ। অভিযুক্ত এই সংসদ সদস্যকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে ‘সচেতন নারী সমাজ, যশোর’।

ছবি: লোকসমাজ।

শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে একাত্তরের ওই দলের ভূমিকা দেখেছি। রাজাকার, আল-বদরদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম নষ্ট করেছিল। বর্তমানে ২০২৬ সালেও তারা নতুনভাবে আবির্ভূত হয়েছে। জামায়াতের গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই ফের প্রমাণিত হলো।”

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে যশোরের বিশিষ্ট নারী নেত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, “জামায়াত নেতা ও একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। মানুষের সামনে যখন তাদের এই জাতীয় অপকর্মের গোমর ফাঁস হয়ে যায়, তখন তারা তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তবে গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির এমন নিন্দনীয় ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ছবি: লোকসমাজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী শামসুন নাহার পান্না এবং সচেতন নারী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।