পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার॥ পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। যশোর ও খুলনায় আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময়, তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশের রিফলেকটিং ভেস্ট (রাতে ব্যবহৃত কোটি), চাকু এবং ছিনতাইকৃত ৩টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান হোসেন মোল্লার ছেলে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড দারুন আমান মহল্লার জনৈক রোকনুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া সাগর হোসেন রাজ (২৩), দিঘলিয়ার মাঝিগাতি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বর্তমানে সোনাডাঙ্গার মেইন রোড এলাকার জনৈক মেহেদীর বাড়ির ভাড়াটিয়া মিথুন বিশ্বাস (৪৫) ও বাগেরহাটের রামপালের শোগুনা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সবিতা দাসের বাড়ির ভাড়াটিয়া সুশীল কুমার পাল (৫৩)।

যশোর ডিবি পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে জানতে পারেন, অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মাগুরা থেকে মোটরসাইকেল ছিনতাই করে বিক্রির জন্য যশোর শহরের জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থানরত সন্দেহভাজন ২ ব্যক্তি পালানোর চেষ্টাকালে সাথে সাথে তাদেরকে আটক করা হয়। আটকের পর তারা তাদের নাম সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাস বলে জানান।

পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাগর হোসেন রাজ ও মিথুন বিশ্বাস জানান, তারাসহ তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ রিফলেকটিং ভেস্ট গায়ে পরে এবং পুলিশ পরিচয়ে বরিশাল থেকে রেজিস্ট্্েরশন বিহীন লাল কালো রঙের ১টি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশন বিহীন ১টি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর ১টি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে।

এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এসময়, তাদের হেফাজত থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ড্রোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রূপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্রটি জানিয়েছে।