জমির দখল নিতে না পেরে নিরীহ ব্যক্তিদের নামে মামলা

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ নিজের জমিতে প্রাচীর দেয়া কাল হলো যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের নিরীহ শাহ আলম তরফদারের। প্রভাবশালী শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি তার নামে করেছেন ৫ শ ট্রাক মাটি চুরির মামলা। আদালত মামলাটির সঠিক তদন্ত করে যশোর পিবিআইকে রিপোর্ট দেয়ার জন্যে নির্দেশ দিয়েছেন। শহিদুল ইসলাম ওই জমিটি অবৈধভাবে দখল নিতে না পেরে জমির মালিকের নামে ‘মিথ্যা মামলা’ করেছেন বলে বুধবার (৫ জুলাই) চুড়ামনকাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শাহ আলম তরফদার। সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু তদন্তের দাবি করেন।
লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, গত ৬ মার্চ চুড়ামনকাটি ইউনিয়নের ১৫নং বাগডাঙ্গা মৌজা যার এস এ দাগ নং-৩১৫১ ও ৩১৪৯ আর এস-৭১১৩ ও ৭১৪৩ থেকে দাতা নাজিম উদ্দিন, নাছিম উদ্দিন, সাইফুল,জহির হাসান ও রহিমা বেগমের কাছ থেকে কবলা রেজিস্ট্রি করে ১১.৫ শতক জমি কিনি। এছাড়া বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে বাগডাঙ্গা মৌজায় ৩শতক জমি ডিসিআর নিই। ওই জমি আমি ভোগদখলে আছি।
তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত জমিতে অবৈধভাবে জমির পাশে অবস্থিত সহিদুল ব্রিকসের স্বত্বাধিকারী সহিদুল ইসলাম তার ভাটায় ব্যবহৃত মাটি ফেলে রাখেন। আমি তাকে মৌখিকভাবে তার মাটি আমার ক্রয়কৃত জমির ওপর থেকে সরিয়ে ফেলার জন্যে একাধিকবার অনুরোধ করি। কিন্তু তিনি মাটি সরাননি। উল্টো ওই জমি আমার না বলে বিভিন্ন সময় হুমকি দেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমার ক্রয়কৃত জমির ওপরের সামান্য মাটির স্তুপ রাখলেও মামলায় উল্লেখ করেছেন ৫০০ ট্রাক মাটি আমি সরিয়ে ফেলেছি। ৫০০ ট্রাক মাটি আমি কিভাবে সবার নজর ফাঁকি দিয়ে সরিয়ে ফেললাম?
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ আলমের পক্ষে আক্তারুল ইসলাম। উপস্থিত ছিলেন, শাহ আলম, ইউপি সদস্য তহিদুল ইসলাম, বি এম ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দার রহমান, আসাদুজ্জামান বিষু, মিজানুর রহমান, মামুন তরফদার প্রমুখ।