জন্মস্থান মাশহাদে সমাহিত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি

0
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হবে পবিত্র মাশহাদ শহরে। তেহরানে বড় ধরনের শোকসভার আয়োজন করছে আইআরজিসি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির বাবার সমাধির পাশেই তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে। তবে নিরাপত্তার খাতিরে দাফনের সুনির্দিষ্ট তারিখ ও সময় এখনো প্রকাশ করেনি তেহরান।

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, দাফনের আগে রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে এক বিশাল শোকসভার আয়োজন করা হবে। ৮৬ বছর বয়সী এই নেতা ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর ইরানের শাসনভার পরিচালনা করেছেন। গত শনিবার তেহরানে চালানো হামলায় তাঁর মৃত্যুর খবর পরদিন ভোরে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়। খামেনির প্রয়াণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। উল্লেখ্য, খামেনি তাঁর শাসনামলের শেষ সময়ে দেশের অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ বিক্ষোভের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বর্তমানে পুরো ইরান জুড়ে রাষ্ট্রীয় শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে।