ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, ওষুধ ও চশমা বিতরণ — যশোরে মানবিক উদ্যোগে আনন্দ এলাকাবাসীর

0
যশোরে 'ইকো' ও 'আমান'-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অস্ত্রোপচার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেওয়ার এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: ভিডিও থেকে নেয়া

যশোর সদরে আজ সফলভাবে সম্পন্ন হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অস্ত্রোপচার কর্মসূচি। ‘ইকো শিক্ষামূলক, দাতব্য এবং মানবিক সংস্থা’-এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমান’ (AMAN)-এর বাস্তবায়নে দিনব্যাপী এই মানবিক চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকার শতশত সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

আজ ১৯ জুন, ২০২৬ শুক্রবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “অন্ধত্ব মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সরকারের পাশাপাশি ইকো এবং আমান-এর মতো মানবিক সংস্থাগুলো যেভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সুস্থ জাতি গঠনে এ ধরনের বেসরকারি ও দাতব্য উদ্যোগ অত্যন্ত জরুরি।” তিনি ভবিষ্যতেও এই অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল থেকেই যশোর সদরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতশত রোগীর চোখ পরীক্ষা করেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দল। এর মধ্যে যেসব রোগীর চোখে ছানি ধরা পড়েছে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) জন্য নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। বাস্তবায়নকারী সংস্থা ‘আমান’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সমাজে অন্ধত্ব দূরীকরণ এবং বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতেই তাদের এই নিয়মিত প্রয়াস। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক দল এবং ইকো ও আমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চোখের আলো ফিরে পাওয়ার এই মহতী উদ্যোগে বিনামূল্যে সেবা পেয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তুষ্টির আমেজ দেখা গেছে।