‘ছাগল–কাণ্ডে’ আলোচিত মতিউরের অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

0
‘ছাগল-কাণ্ডে’ দেশজুড়ে আলোচিত সাবেক কাস্টমস কর্মকর্তা মতিউরের মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য।। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ জুলাই আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার শুনানি উপলক্ষে আজ মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাঁর আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বোরহান উদ্দিন মক্কেলকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তাঁরা আদালতকে বলেন, মতিউরের আয়কর নথি সম্পূর্ণ ঠিক আছে এবং তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই অব্যাহতির বিরোধিতা করে জানান, আসামির বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

উভয় পক্ষের শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন মতিউর রহমান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলেন, একটি চক্র তাঁকে ফাঁসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তিনি কোনো অন্যায় বা দুর্নীতি করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান তাঁর দাখিল করা সম্পদবিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।

২০২৩ সালের কোরবানি ঈদের আগে মতিউরের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমানের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এই পরিবারটি দেশজুড়ে আলোচনায় আসে।

বর্তমানে মতিউরের প্রথম স্ত্রীর দুই সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী বিদেশে পলাতক রয়েছেন।