চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনের দাবি সাধারণ ব্যবসায়ীদের

0

স্টাফ রিেেপার্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নানা অনিয়মের অভিযোগ তুলেছেন সাধারণ ব্যবসায়ীরা। বিনা ভোটে ওই কমিটি বারবার সমিতির নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ রয়েছে। ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯২ সালে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি গঠন হয়। প্রতিষ্ঠালগ্ন হতে অত্যন্ত সাফল্যের সাথে চলতে থাকে এর কার্যক্রম। কিন্তু বিপত্তি ঘটে বর্তমান কমিটি ক্ষমতা গ্রহণের পর হতে। এই কমিটির নেতৃবৃন্দ একাধারে চার বার ক্ষমতা ধরে রেখেছেন। প্রতিবারই বিনা ভোটে তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়নে কোনই কাজ করেন না অভিযোগ বাজারের সাধারণ ব্যবসায়ীদের। চলতি মাসের ২৪ তারিখে আবারও নতুন কমিটি গঠন হবে। নতুন কমিটি গঠনে বর্তমান কমিটি গভীর চক্রান্ত শুরু করেছে।
তারা আগামী ২৪ ফের্রুয়ারি নতুন কমিটি গঠনের লক্ষ্যে পৌরসভার একটি কলেজ মাঠে বার্ষিক বনভোজনের আয়োজন করেছেন। ওই বনভোজনে যেনতেন ভাবে আবারও ক্ষমতায় আসার সব প্রস্তুতি সেরে নিয়েছেন। এ ধরনের খবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা কোনো উপায় না পেয়ে গত শনিবার চৌগাছা পৌরসভার মেয়রের শরণাপন্ন হন এবং ব্যবসায়ী সমিতির একটি সুন্দর কমিটির প্রত্যাশা করেন।
এ সময় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হাজী ইবাদৎ হোসেনের বড় ভাই শফি স্টোরের মালিক হাজী লিয়াকত হোসেন, ব্যবসায়ী হাসিবুল ইসলাম হাসিব, আব্দুল মুজিদ ডাবলু, জহুরুল ইসলাম, রোকন উদ্দিন মৃধা, নারায়ণ চন্দ্রসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সব ব্যবসায়ীর বক্তব্য জানার পর পৌর মেয়র উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে বর্তমান কমিটি বিলুপ্তি করে একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব করেন। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবেন।
এ বিষয়ে ব্যবসায়ী হাজী হাসিবুল ইসলাম হাসিব বলেন, আমরা নির্বাচনে মাধ্যমে একটি কমিট চাই, যে কমিটি সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবে।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হাজী ইবাদৎ হোসেন বলেন, ৬৯৪ জন সমিতির সদস্য ছিল। কিন্তু ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত মাসিক চাঁদা না দেওয়ার কারণে সদস্য থেকে নিজেরা বাদ পড়েছেন। বর্তমানে ২৫০ জনের মত সদস্য আছে। নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেছেন কিনা বা নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব নিয়ম মেনেই সমিতির নেতৃবৃন্দ নির্বাচিত হয়। মনগড়া অভিযোগ করে কোনো লাভ নেই।
পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল বলেন, বাজার ব্যবসায়ী সমিতির কমিটি নিয়ে সাধারণ ব্যবসায়ীদের অসন্তোষ দীর্ঘ দিনের। তারা সকলেই আমার কাছে এসেছেন, কি ভাবে একটি কমিটি গঠন করা যায় তাদের আমি সেই পরামর্শ দিয়েছি।