চৌগাছা বাজারের প্রধান সড়ক দেবে গেছে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌর সদরের প্রাণকেন্দ্র স্বাধীনতা ভাস্কর্য মোড় সংলগ্ন প্রধান সড়ক অন্তত দুইফুট দেবে গেছে। সোমবার রাতে পাথর বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সড়কটি হঠাৎ দেবে যায় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় একজন পথচারী অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছেন। সড়ক দেবে হেলে যাওয়া ট্রাক হতে রাতেই পাথর অন্য একটি ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও ভাঙ্গাস্থান মেরামত করা হয়নি।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর থেকে একটি পাথর বোঝাই ট্রাক চৌগাছা বাজারের স্বাধীনতা ভাস্কর্য সংলগ্নে পৌঁছালে হঠাৎ সড়ক দেবে পাথর বোঝাই ট্রাক হেলে যায়। সড়ক দেবে যাওয়ায় ট্রাকটি পূর্বদিকে হেলে পড়ে এবং অল্পের জন্য একজন পথচারী প্রাণে রক্ষা পান। ঘটনাস্থলের পাশের ব্যবসায়ী নুর ইসলাম ও ইমাম হোসেন সাগর জানান, যশোরের দিক হতে আসা একটি ট্রাক মেইন বাসস্ট্যান্ড পার হয়ে ঘটনাস্থলে পৌঁছালে সড়ক দেবে যায় এবং ট্রাকটি সড়কের পূর্ব দিকে ঝুঁকে পড়ে। ভয়ে অনেকেই দ্রুত এলাকা ছেড়ে দৌড়ে নিরাপদে চলে যায়। তবে ট্রাক যদি সম্পূর্ণ উল্টে যেত তাহলে ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেকেরই ক্ষতি হতো। ধারনা করা হচ্ছে ট্রাকটিতে অতিরিক্ত লোড নেয়ার কারণে এই দুর্ঘটান ঘটেছে।