চৌগাছা- কোটচাঁদপুর সড়কের নিচের মাটি ধসে গেছে

0

 

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টিতে পানিতে ভাঙনের সৃষ্টি হয়। স্থানীয়রা বাড়তি সতর্কতায় সেখানে লাল কাপড় ঝুলিয়ে পথচারীসহ যানবাহন চালকদের সতর্ক করছেন। দ্রুত মেরামত করা না হলে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
পৌর এলাকার ইছাপুর বটতলা মোড়ের কাছেই কোটচাঁদপুর সড়কের পশ্চিম পাশে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশে বেশকিছু জায়গা নিয়ে মাটি ধসে গেছে। শুধু পাশের মাটিই না পিচের সড়কের নিচ হতেও মাটি ধসে গেছে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার হালকা বৃষ্টির পানির স্রোত এসে ভাঙা স্থান দিয়ে সড়কের পাশে পড়েছে। পানির স্রোতের কারণে এক দিনেই সৃষ্টি হয়েছে ভাঙন। প্রথমে সড়কের পাশে কাঁচা রাস্তা ভাঙতে থাকে। পরে তা পিচ রাস্তার নিচে হতেও মাটি সরে যেতে শুরু করে।
গতকাল সরেজমিন দেখা যায়, ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওপর থেকে কোনভাবেই বোঝা সম্ভব না পিচ রাস্তার নিচ হতে মাটি ধসে গেছে। ভাঙা স্থান দিয়ে সব ধরনের যানবাহন এমনকি পথচারীরা বেশ সতর্কতার সাথে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, সড়কটি ইছাপুর বটতলা হতে সিএমআইটি কলেজ পর্যন্ত পশ্চিম পাশ বেশ ঢালু। বটতলাসহ ওই এলাকার পানি এসে ভাঙা স্থান দিয়ে সড়কের পাশে পড়ে। বেশ আগে অল্প ভাঙা দেখা গেলেও সম্প্রতি বৃষ্টিতে ভাঙন বেড়েছে।
এলাকাবসী জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের শুক্র, সোম ও বুধবার চৌগাছার প্রধান কাঁচাবাজারসহ পশুহাট বসে। ঝিনাইদাহ জেলাসহ ওই এলাকার ট্রাক ও অন্যান্য যানবাহনের এই তিনদিনে ব্যাপক চাপ থাকে সড়কে। এছাড়া সড়কের পাশে অন্তত ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ বলেন, ভাঙার খবরটি জানা ছিল না। দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের উদ্যোগ গ্রহণ কর হবে।