চৌগাছায় ৪ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা ও আমরাই আগামী সংগঠনের সার্বিক আয়োজনে গত বুধবার সকালে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের কাছে একটি গৌরবোজ্জ্বল দিন। একুশ আমাদের মাথা নত না করতে শিখিয়েছে। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আলোচনা শেষে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ। একই সাথে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন কলেজ প্রধানদের সম্মাননা স্মারক দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমরাই আগামী সংগঠনের সভাপতি আজিমুর রহমান সোহান। উদ্বোধন ও আলোচনা শেষে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত একুশ আমার প্রেরণা নামক গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়। বইমেলাতে মোট ১৭টি স্টলে বিভিন্ন লেখকদের লেখা বই পাওয়া যাচ্ছে বলে জানান আয়োজকরা।