চৌগাছায় সড়কের ওপর ঝুুঁকিপূর্ণ মরা গাছ

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা যশোর সড়কে প্রায় দুই কিলোমিটার জুড়ে সড়কের দুই পাশে কড়াইগাছসহ বিভিন্ন গাছ মরে শুকিয়ে গেছে। অল্প বাতাস আর বৃষ্টি হলেই গাছের ডালপালা ভেঙে পড়ছে সড়কে। বড় ধরনের ঝড় বৃষ্টিতে ঘটতে পারে দুর্ঘটনা বলে আশংকা এলাকাবাসীর। দ্রুত মরা গাছ কেটে ফেলার দাবি জানিয়েছেন সড়কে চলাচলকারীসহ এলাকাবাসী।
চৌগাছা-যশোর সড়ক অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। কাক ডাকা ভোর হতে মধ্যরাত পর্যন্ত সড়কটিতে চলচল করে বিভিন্ন ধরনের যানবাহনসহ পথচারী। গুরুত্বপূর্ণ সড়কটির আহমদনগর বাজার (কড়াইতলা) হতে চৌগাছা সরকারি হাসপাতাল পর্যন্ত অর্ধশত কড়াইগাছসহ বিভিন্ন ধরনের গাছ মরে শুকিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। দিন মাস না, বছর পার হলেও মরে যাওয়া গাছগুলো কাটার কোন উদ্যোগ গ্রহণ করেননি কর্তৃপক্ষ। যে কোন সময় গাছ বা ডালপালা পড়ে দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান বলেন, সড়কে মারা যাওয়া গাছের বিষয়ে আমরা সকলেই অবগত। কিছু আইনি প্রক্রিয়া আছে। এগুলো সম্পন্ন হলেই সকল মারা যাওয়া গাছ কেটে সরিয়ে নেওয়া হবে।