চৌগাছায় সন্ত্রাসী হামলায় ভ্যানচালক আহত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা করে এক ভ্যানচালকের একটি হাত ভেঙে দিয়েছে। পাশাপাশি ওই ভ্যানচালকের কাছে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। রোববার রাতে পৌর এলাকার কুঠিপাড়া মোড়ে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে চৌগাছা ও পরে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হুদাপাড়া মহল্লার মৃত দুদু মিয়ার ছেলে ভ্যানচালক হারুন অর রশিদ রোববার সারা দিনই উপজেলা সদরে ভ্যান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুঠিপাড়া মোড়ে পৌঁছুলে পূর্ব থেকে সেখানে ওঁৎ পেতে থাকা একই মহল্লার মৃত কুমার আলীর ছেলে এক্সের আলী, তার ছেলে শাকিব হোসেন, রায়হান হোসেন ও মৃত আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম তার গতিরোধ করে কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় হাত দিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করলে তার একটি হাত ভেঙে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্বজন হাসিবুল হাসান ভোলা বলেন, আহত ভ্যানচালক হারুন অর রশিদ অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। পূর্ব শত্রুতায় তার ওপর হামলা হয়েছে।